ঢাকা: সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে বের হওয়ার সময় কর্মকর্তাদের উদ্দেশে ব্যতিক্রমী আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাসার দরজা খুলেই উপস্থিত সবার দিকে তাকিয়ে মুচকি হেসে তিনি বলেন, চলেন যুদ্ধে যাই।
রোববার (৮ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, প্রতিদিনের মতো সকালবেলায় বাসা থেকে বের হওয়ার সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা প্রস্তুত অবস্থায় ছিলেন। ঠিক সেই সময় দরজা খুলে সবার উদ্দেশে হাসিমুখে এই তিন শব্দের মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে মুহূর্তের জন্য উপস্থিত কর্মকর্তারা কিছুটা হতচকিত হয়ে পড়েন। তবে দ্রুতই তারা বুঝতে পারেন, দেশ পরিচালনার কঠিন দায়িত্ব ও প্রতিদিনের কাজের সংগ্রামকেই রূপকভাবে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সকাল ৮টা ৪২ মিনিটে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরে সকাল সাড়ে ৯টার দিকে তিনি সচিবালয়ে পৌঁছান।
সচিবালয়ে পৌঁছে সারাদিনই বিভিন্ন বৈঠকে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে দুপুরে তিনি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করেন।
প্রেস উইংয়ের তথ্যানুযায়ী, নিয়মিত প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এসব বৈঠকে আলোচনা হয়েছে।