ঢাকা: বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ে নিজের দফতরের লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের মাত্রা কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি বলেন, সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে নিজ দফতরে এসে প্রধানমন্ত্রী তার কক্ষের প্রায় ৫০ শতাংশ লাইট বন্ধ করে দেন। পাশাপাশি এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রিতে নির্ধারণ করা হয়, যাতে বিদ্যুৎ খরচ কম হয়।
রুমন জানান, মন্ত্রিপরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে বৈঠক কক্ষেরও অর্ধেক লাইট বন্ধ করা হয় এবং এসির তাপমাত্রা কমিয়ে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পর সচিবালয়ের সংশ্লিষ্ট দফতরগুলোতেও তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ রাখা এবং এসির তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়।
প্রধানমন্ত্রী দেশের সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার করতে জানালা ও পর্দা খুলে রাখার পরামর্শও দেন তিনি।