ঢাকা: দেশের প্রতিটি নাগরিকের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, ই-হেলথ কার্ড চালুর প্রক্রিয়া দ্রুত শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের মূল লক্ষ্য স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও সংস্থার অব্যবহৃত বা পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের বিষয়ে আলোচনা হয়। জানানো হয়, শুধু এলজিইডি’র প্রায় ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। এসব ভবন সংস্কার করে ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
দেশে প্রতিবছর প্রায় ৩৪ লাখ নবজাতকের জন্মের পরিসংখ্যান তুলে ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ অনুপাতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য থাকা ৭৪ হাজার পদে দ্রুত নিয়োগের বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
দুর্গম এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীকে বিশেষভাবে তাগাদা দেন প্রধানমন্ত্রী।