ঢাকা: রাজধানীর বিভিন্ন সড়কের বিলবোর্ড, ডিজিটাল ডিসপ্লে এবং ব্যানারে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো সব প্রচারসামগ্রী দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এই বিশেষ নির্দেশনা প্রদান করেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
ঘটনার বিস্তারিত জানিয়ে অতিরিক্ত প্রেস সচিব বলেন, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সংবলিত একটি ব্যানার দেখতে পান। তিনি তৎক্ষণাৎ সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং নির্দেশনা পাওয়ামাত্রই তা অপসারণ করা হয়। এ ছাড়া বিভিন্ন কোম্পানি বা সংস্থা বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে যেসব বিজ্ঞাপন প্রদর্শন করছে, সেগুলোও দ্রুত সরিয়ে নিতে বলা হয়েছে। এর আগে বিজয় সরণি এলাকা দিয়ে যাওয়ার সময় একটি এলইডিতে অভিনন্দন বার্তা দেখে সেটিও বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন তিনি।
এদিকে সকালে নির্ধারিত সময়ে সচিবালয়ে অফিস শুরু করেন প্রধানমন্ত্রী। দিনের কর্মসূচির অংশ হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে জলদস্যুতা দমন, অবৈধ পাচার রোধ এবং মৎস্য সম্পদ রক্ষায় টহল বাড়ানোর নির্দেশ দেন। বিশেষ করে সাগরে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি অত্যন্ত গুরুত্বারোপ করেছেন।