Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের ভোটে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩১

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের জন্য রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সচিব এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন।

বগুড়া পৌর এলাকা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা। তাকে সহায়তার জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংবিধান অনুযায়ী একাধিক আসনে সংসদ সদস্য থাকার বিধান না থাকায় তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল দেয় ইসি।

বিজ্ঞাপন

অন্যদিকে, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের জন্য জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট দুই উপজেলার নির্বাচন কর্মকর্তাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। ইসির নির্দেশনা অনুযায়ী, এই আসনের আগের বৈধ প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে না।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, দুই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। রিটার্নিং অফিসার কর্তৃক বাছাই ৫ মার্চ। আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ ১৫ মার্চ। এবং ভোটগ্রহণ ৯ এপ্রিল।

বিজ্ঞাপন

খুলনায় দুই সেমাই ফ্যাক্টরিকে জরিমানা
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২২

আরো

সম্পর্কিত খবর