ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে নবনিয়োগপ্রাপ্ত প্রশাসকরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তারা সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের-এর কাছে যোগদানপত্র জমা দেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে ছয় প্রশাসককে নিয়োগ দেওয়া হয়। ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ ক (১) অনুযায়ী, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা নতুন মেয়র দায়িত্ব না নেওয়া পর্যন্ত তারা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান। খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন।
এবার আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের মধ্যে কেউ মহানগর বা জেলা পর্যায়ের সভাপতি, কেউ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, আবার কেউ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন।
যোগদানপত্র জমা দেওয়ার পর প্রশাসকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা নিজ নিজ সিটি করপোরেশনের নাগরিক সমস্যা নিরসন, সেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন কার্যক্রমে গতি আনার বিষয়ে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন।