ঢাকা: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘একুশের কবিতা’ অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গণকে আরও গতিশীল ও বেগবান করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তাদের স্বাগত জানান একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। স্বাগত বক্তব্য দেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে আত্মাহুতি দানকারীদের স্মরণ করে সংস্কৃতি মন্ত্রী বলেন, কবিতা শুধু আবেগ নয়, এটি মানুষের জাগরণ ও প্রতিবাদের শক্তিশালী ভাষা।
তিনি একাত্তরের মুক্তিযুদ্ধের সময় গান ও কবিতার প্রেরণার কথা উল্লেখ করে বলেন, স্বাধীনতাযুদ্ধ ছিল এক অর্থে একটি সাংস্কৃতিক বিপ্লব। একইভাবে চব্বিশের জুলাই আন্দোলনও তরুণ প্রজন্মের স্বপ্ন ও চেতনার বহিঃপ্রকাশ।
মন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্ব রাজনীতিতে যখন বিভাজন ও ঘৃণা প্রবল, তখন বাংলাদেশ ন্যায়সংগত অধিকার ও সাম্যের ভিত্তিতে একটি সুখী, সমৃদ্ধ, আধুনিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে বাংলাদেশকে নতুন মাত্রায় পৌঁছে দিতে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, সংস্কৃতির ভিত্তিতে মানুষকে দেশপ্রেম, মানবিকতা ও কল্যাণবোধে উদ্বুদ্ধ করাই মন্ত্রণালয়ের লক্ষ্য।
সভাপতির বক্তব্যে একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ ভাষা শহিদসহ ১৯৫২ থেকে জুলাই অভ্যুত্থান পর্যন্ত সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানান।
তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভাষা আন্দোলনে কবিদের অবদানের কথা উল্লেখ করে তিনি আবু জাফর ওবায়দুল্লাহ, আলাউদ্দিন আল আজাদ, আবুল হোসেন ও হাসান হাফিজুর রহমানের সাহসী ভূমিকার কথা স্মরণ করেন।
‘একুশের কবিতা’ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি ও আবৃত্তিশিল্পীরা অংশ নেন। কবিতা পাঠ ও আবৃত্তির মাধ্যমে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সমকালীন চেতনার নানা দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কাজী বুশরা আহমেদ তিথি।