ঢাকা: প্রান্তিক জনপদে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ’ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারা-লিগ্যাল প্রশিক্ষণ ম্যানুয়াল’-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর গুলশানে এক হোটেল আয়োজিত অনুষ্ঠানে এ ম্যানুয়ালের উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
বাংলাদেশ আইনগত সহায়তা পরিষদ এবং সামাজিক সংস্থা ‘ফ্রেন্ডশিপ’ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, ‘ন্যায়বিচার পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার এবং সুশানের অন্যতম ভিত্তি। শহর অঞ্চলে আইনগত তথ্য, সহায়তা ও সেবা প্রাপ্তি সহজ হলেও জলবায়ু-ঝুঁকি, প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষের কাছে তা পাওয়া সহজ নয়।’ বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের বাসিন্দাদের আইনগত সেবা পেতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।
অনুষ্ঠানে ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান জানান, যমুনা-ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মতো বাংলাদেশের প্রান্তিক জনপদে, আইনি তথ্য, আইনগত সহায়তা, বিচারপ্রক্রিয়া এবং সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবা গ্রহণে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় স্থানীয় বাসিন্দাদের। এই বাস্তবতা বদলাতে ২০১৫ সাল থেকে কাজ করে যাচ্ছে ফ্রেন্ডশিপ।
স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপের সুশাসন বিভাগ প্রধান ব্যারিস্টার আয়েশা তাসিন খান। তিনি জানান, সংস্থার তিন-স্তরবিশিষ্ট কমিউনিটি প্যারালিগ্যাল সার্ভিসের মাধ্যমে প্রশিক্ষিত প্যারালিগ্যালরা সাধারণ মানুষের কাছে আইনি তথ্য, প্রয়োজনীয় পরামর্শ এবং যথাযথ প্রতিষ্ঠানে রেফারেল সেবা পৌঁছে দিচ্ছেন। ‘ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারালিগ্যাল প্রশিক্ষণ ম্যানুয়াল’-এর মাধ্যমে প্রান্তিক অঞ্চলে মানুষের অন্যতম মৌলিক অধিকার ‘ন্যায়বিচার’ প্রাপ্তির পথ আরও সহজ হবে বলে আশা করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে যোগ দেন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব খাদেমুল কায়েস।
অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ আইনগত সহায়তা পরিষদ মহাপরিচালক মো. মনজুরুল হোসাইন, ফ্রেন্ডশিপ, ইনক্লুসিভ সিটিজেনশিপের, সহকারী মহাব্যবস্থাপক-আইন অ্যাডভোকেট মো. আশিকুজ্জামান, উন্নয়ন সহযোগী সংস্থা, বিচার বিভাগ, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনজীবী, কমিউনিটি প্যারা-লিগ্যাল, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং দেশের বিভিন্ন প্রান্তিক চরাঞ্চল থেকে আগত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা।
বক্তারা আশা করেন, বাংলাদেশের আইনগত ক্ষমতায়নের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে ‘ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারালিগ্যাল প্রশিক্ষণ ম্যানুয়াল’। এর মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে আরও দক্ষ কমিউনিটি প্যারালিগ্যাল নেটওয়ার্ক গড়ে উঠবে, যা প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার এবং সরকারি সেবায় প্রবেশাধিকার আরও সহজ করবে।