Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিচার বিভাগের স্বাধীনতা ও আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি ডিএলএস’র

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ১৫:২১

সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক আইনজীবী সংহতি (ডেমোক্রেটিক লইয়ার্স সলিডারিটি-ডিএলএস) নেতারা

ঢাকা: বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত, বিচারের দীর্ঘসূত্রিতা ও অবিচার বন্ধ এবং আদালত ও আইনজীবীদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে গণতান্ত্রিক আইনজীবী সংহতি (ডেমোক্রেটিক লইয়ার্স সলিডারিটি-ডিএলএস)।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের শেষ আশ্রয় আইন-আদালত ও বিচারব্যবস্থা। সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার থাকলেও বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা, মামলার জট, আদালতের অবকাঠামোগত সীমাবদ্ধতা, বিচার বিভাগের ওপর অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক প্রভাব ও বিভিন্ন অনিয়মের কারণে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হচ্ছে।’

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ‘আইনজীবীরা কেবল একটি পেশার প্রতিনিধি নন তারা বিচারপ্রার্থী মানুষের কণ্ঠস্বর এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম সহযোগী। আইনজীবীরা যদি হামলা, হুমকি, ভয়ভীতি ও হয়রানির মুখে পেশাগত দায়িত্ব পালন করেন, তাহলে তার সরাসরি প্রভাব পড়ে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার অধিকারের ওপর।’

সংগঠনটি বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন, আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত, আদালত প্রাঙ্গণে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা চালু, মামলার জট কমাতে নতুন আদালত স্থাপন ও বিচারকের সংখ্যা বৃদ্ধি, বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার সম্প্রসারণ, ডিজিটাল বিচারব্যবস্থা আরও কার্যকর করা এবং আইনজীবীদের পেশাগত মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিতসহ ৭ দফা দাবি উত্থাপন করে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিচারব্যবস্থা সাংবিধানিকভাবে নির্বাহী বিভাগ থেকে পৃথক হলেও বাস্তবে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের প্রভাব ও হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। বিচারপতি নিয়োগসহ বিচার বিভাগের বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারের ওপরও গুরুত্বারোপ করা হয়।

গণতান্ত্রিক আইনজীবী সংহতির নেতারা বলেন, ‘একটি স্বাধীন, নিরপেক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিচারব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।’ এ লক্ষ্য অর্জনে আইনজীবী সমাজ ও দেশের জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।