Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপুরায় গুলি ও হত্যা / ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ১১:৪৯

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় এক যুবককে গুলি করে আহত করা এবং দুইজনকে হত্যার ঘটনায় করা মামলার রায় প্রকাশ করা হয়েছে। সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (১৫ জুলাই) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চের স্বাক্ষরের পর ১৪৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

রায় প্রকাশের ফলে সাজাপ্রাপ্ত ও গ্রেফতার আসামিরা এক মাসের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরা এলাকায় সংঘটিত ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চায়না রাইফেল, শর্টগান ও পিস্তল ব্যবহার করেছিলেন। মামলার অভিযোগপত্র ও রামপুরা থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমানের সাধারণ ডায়েরির (জিডি) তথ্য অনুযায়ী, ওইদিন চায়না রাইফেল থেকে ৫৫৩ রাউন্ড, পিস্তল থেকে ২৮ রাউন্ড, শর্টগান থেকে ৩২৩ রাউন্ড রাবার বুলেট এবং ৭৭১ রাউন্ড সিসার (লেড) বুলেট ছোড়া হয়। ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেছে, ঘটনাস্থলে প্রাণঘাতী ও কম প্রাণঘাতী উভয় ধরনের অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল।

এর আগে গত ২৮ জুন একই ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। একই রায়ে রামপুরা থানার সাবেক এসআই তরিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাঁচ আসামির মধ্যে বর্তমানে গ্রেফথার রয়েছেন শুধু চঞ্চল চন্দ্র সরকার।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে নির্মাণাধীন একটি ভবনে আশ্রয় নেন আমির হোসেন। অভিযোগ অনুযায়ী, পুলিশ সদস্যরা তাকে নিচে লাফ দিতে বাধ্য করার চেষ্টা করে এবং একপর্যায়ে ভবনের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে তার দুই পা আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

একই দিনে রামপুরার বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম হোসেন ও মায়া ইসলাম নিহত হন। এছাড়া সাত বছর বয়সী বাসিত খান মুসা মাথায় গুলিবিদ্ধ হয়।

মামলার তদন্ত প্রতিবেদন গত বছরের ৩১ জুলাই চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া হয়। পরে ৭ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ দাখিল, ১৮ সেপ্টেম্বর অভিযোগ গঠন এবং এর মধ্য দিয়ে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। মামলায় মোট তিনটি অভিযোগে বিচার সম্পন্ন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় প্রদান করেন।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর