Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়েরের জামিন নামঞ্জুর

স্টাফ করেসপন্ডেট
১২ জুলাই ২০২৬ ২১:৩১

সময় টেলিভিশনের সাবেক পরিচালক আহমেদ জোবায়ের।

ঢাকা: প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টেলিভিশনের সাবেক পরিচালক আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (১২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শুনানি শেষে তার জামিন আবেদন খারিজের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আহমেদ জোবায়েরের আইনজীবী ফরহাদ হোসাইন নিয়ন।

এর আগে, গত ১৮ জুন মামলায় আত্মসমর্পণ করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিনে মামলার অপর তিন আসামি আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী জামিন লাভ করেন।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, আদালতের সমন উপেক্ষা করায় গত ১৭ জুন আহমেদ জোবায়েরসহ ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে চার আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত পৃথক সিদ্ধান্ত দেন।

এর আগে, গত ১০ মে সৈয়দ আসাদুজ্জামান প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং কাগজপত্র জালিয়াতির অভিযোগে আহমেদ জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। অভিযোগ গ্রহণের পর আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করে ১৭ জুনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত দিনে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলায় পরোয়ানাভুক্ত অপর দুই আসামি হলেন আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী এবং তাদের সন্তান সারাফ নাওয়ার জয়ীতা।

সারাবাংলা/টিএম/এসএস