Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাইম হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা আজ

স্টাফ করেসপন্ডেট
২৫ জুন ২০২৬ ১২:২০

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরা আজ অনুষ্ঠিত হবে। মামলায় অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধে দেওয়া তার সাক্ষ্যের ওপর এই জেরা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

গ্রেফতার আসামিদের আইনজীবী এবং পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন। জেরা শেষ হলে মামলাটি পরবর্তী ধাপে যুক্তিতর্কের জন্য নির্ধারিত হবে।

বিজ্ঞাপন

এর আগে ১৫ জুন সাক্ষ্য দেওয়া শুরু করেন তদন্ত কর্মকর্তা মো. আলমগীর এবং ২১ জুন তৃতীয় দফায় তার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। তিনি আদালতে মামলার তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত উপস্থাপনের পাশাপাশি ১১ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার ভিত্তিও ব্যাখ্যা করেন।

মামলায় বর্তমানে গ্রেফতার রয়েছেন যাত্রাবাড়ী থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান এবং সাবেক উপপরিদর্শক (এসআই) শাহাদাত আলী। অন্যদিকে, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমানসহ আরও নয়জন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা পলাতক রয়েছেন।

চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। এরপর গত ২৯ মার্চ থেকে মামলাটির সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হয়।