Sunday 14 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার

স্টাফ করেসপন্ডেট
১৪ জুন ২০২৬ ১৭:৪৯ | আপডেট: ১৪ জুন ২০২৬ ১৮:৩৬

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

ঢাকা: রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

রোববার (১৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে পুলিশের আবেদনের পর তাকে ওই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

এর আগে গত ৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পরিদর্শক আমির হামজা ফাহিমকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত সেদিন শুনানির জন্য ১৪ জুন দিন ধার্য করেছিলেন।

বিজ্ঞাপন

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, তদন্তে প্রাথমিকভাবে পাওয়া তথ্য-প্রমাণে আর এস ফাহিম চৌধুরীর সম্পৃক্ততার ইঙ্গিত মিলেছে। মামলাটি স্পর্শকাতর ও আলোচিত হওয়ায় সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। আদালত আবেদন মঞ্জুর করলে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, আর এস ফাহিম চৌধুরী একজন সাবেক ছাত্রলীগ নেতা ও অর্থ জোগানদাতা হিসেবে তদন্তে উঠে এসেছেন। অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি রমনা পার্কে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় এজাহারভুক্ত ও অজ্ঞাতপরিচয় আসামিরা রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে একটি ষড়যন্ত্রমূলক বৈঠক করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে গত ২৯ মার্চ রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে জনতা ও একদল শিক্ষার্থীর হাতে আটক হন আর এস ফাহিম। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে গুলশান থানায় নেওয়া হয়। পরদিন বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর