Tuesday 09 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী মামলায় হানিফসহ ৪ আসামির পক্ষে যুক্তিতর্ক আজ

স্টাফ করেসপন্ডেট
৯ জুন ২০২৬ ১২:৫৮

মাহবুব-উল আলম হানিফ।

ঢাকা: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির পক্ষে আজ যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

মঙ্গলবার (৯ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে আসামিপক্ষ তাদের যুক্তি তুলে ধরবে।

মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চারজনই বর্তমানে পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে গত ৭ জুন রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেদিন প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর মিজানুল ইসলাম আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বক্তব্য উপস্থাপন করেন। এ সময় প্রসিকিউটর ফারুক আহাম্মদসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।

গত ১১ মে মামলায় যুক্তিতর্ক পর্ব শুরু হয়। এর আগে ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তার জেরা শেষ হওয়ার মাধ্যমে ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। এর আগে ৫ অক্টোবর প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে এবং ৬ অক্টোবর ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয়।

মামলায় আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রদান, ষড়যন্ত্রে অংশগ্রহণ এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর