Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের অনুমতি চেয়ে এসআরএফের চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১২:১১ | আপডেট: ২০ মে ২০২৬ ১৬:১৫

ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতির কাছে ফের চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।

বুধবার (২০ মে) সকালে এসআরএফের সভাপতি মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম সই করা চিঠিতে বলা হয়, প্রায় চার মাস ধরে আপিল বিভাগের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় তারা সরাসরি আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ ও নির্ভুল সংবাদ সংগ্রহ করতে পারছেন না। এর ফলে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পর্কে জনগণকে যথাযথ তথ্য জানাতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিচার বিভাগের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনআস্থা বজায় রাখতে গণমাধ্যমের দায়িত্বশীল উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের এজলাস কক্ষে প্রবেশের সুযোগ না থাকলে তথ্যের ঘাটতি, বিভ্রান্তি কিংবা অসম্পূর্ণ সংবাদ প্রকাশের আশঙ্কা তৈরি হয়, যা বিচার বিভাগের ভাবমূর্তির জন্যও অনুকূল নয়।

বিজ্ঞাপন

এসআরএফ জানায়, এর আগেও তারা এ বিষয়ে লিখিত আবেদন করেছে। পাশাপাশি সাংবাদিকরা শান্তিপূর্ণ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিতের দাবি জানিয়েছেন। তবে এখনো এ বিষয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।

চিঠিতে ঈদুল আজহার পর থেকে আপিল বিভাগের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়ার জন্য প্রধান বিচারপতির সদয় হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে অপসাংবাদিকতা রোধে এসআরএফ সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতিও দেয় সংগঠনটি।

চিঠিটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর কাছে হস্তান্তর করা হয়। এ সময় এসআরএফের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর