Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে ১০ হত্যা মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ১৩:৫৮ | আপডেট: ১৩ মে ২০২৬ ১৪:০০

সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই-গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। এরমধ্য দিয়ে মামলার বিচার কার্যক্রম শুরু হলো। একইসঙ্গে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১০ জুন দিন নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

মামলার সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। অন্য আসামিরা হলেন- ইমতিনান ওসমান অয়ন, আজমেরী ওসমান, মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, তানভীর আহমেদ টিটু, রাজু আহমেদ, আব্দুল করিম বাবু, কামরুল হাসান মুন্না, শাহ নিজাম উদ্দিন আহমেদ, শাহাদাত হোসেন সাজনু, হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান, সহিদুল ইসলাম ও মঈনুল করিমসহ অন্যরা। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান ও আমির হোসেন।

এর আগে, গত ৫ মে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও তা মুলতবি করেছিলেন ট্রাইব্যুনাল। পরে বুধবার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়।

মামলায় প্রসিকিউশন তিনটি অভিযোগ এনেছে। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাঢ়া ও ফতুল্লার সাইনবোর্ড এলাকায় কিশোর আদিল, ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাককর্মী রাসেল ও ছয় বছরের শিশু রিয়াসহ ছয়জন নিহত হন। দ্বিতীয় অভিযোগে ২১ জুলাই ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় আবদুর রহমান ও মোহাম্মদ রাকিব হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। তৃতীয় অভিযোগে ৫ আগস্ট বদিউজ্জামান ও আবুল হাসান হত্যার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ১৯ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা ফরমাল চার্জ আমলে নেন ট্রাইব্যুনাল। আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চলছে।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর