Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যা, স্বামীর যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেট
১১ মে ২০২৬ ১৬:২৯

ঢাকা: রাজধানীর তেজগাঁও এলাকায় প্রায় ১৪ বছর আগে স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যার ঘটনায় মো. শাহাদাৎ হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৯ এর বিচারক মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় কারাগার থেকে শাহাদাৎ হোসেনকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আমিনুল ইসলাম সরকার।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, আসামির স্ত্রীর সঙ্গে নিহত আনিসের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে শাহাদাৎ হোসেন ভিকটিমকে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ না করার জন্য সতর্ক করেন। তবে সেই নিষেধ উপেক্ষা করে আনিস আবারও তার স্ত্রীর সঙ্গে দেখা করেন। এতে ক্ষুব্ধ হয়ে ২০১২ সালের ৯ সেপ্টেম্বর বিকেলে ঢাকার তেজগাঁও থানাধীন আনোয়ারা পার্কের দক্ষিণ পার্শ্বে মা মেডিকেল স্টোরের বিপরীত দিকে ফুটপাতে ছুরিকাঘাত করে হত্যা করে ফেলে রাখেন। ওই ঘটনায় তেজগাঁও থানার এসআই মো. মাসদুল ইসলাম অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি তেজগাঁও থানার উপ-পরিদর্শক কাজী সাহান হক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে একই বছরের ২৭ মে আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলাটি বিচারকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর