ঢাকা: দুর্নীতির মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে। আদালত আগামী ২৮ জুন নতুন তারিখ নির্ধারণ করেছেন।
বুধবার (৬ মে) সকালে শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, এদিন মামলাটি শুনানির জন্য ধার্য থাকলেও বিচারক অন্য মামলায় ব্যস্ত থাকায় তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।
এর আগে, গত ৮ এপ্রিল আসামিদের আদালতে হাজিরা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে গেজেট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। পরে গেজেট প্রকাশিত হলে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ ১৬ এপ্রিল অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন এবং মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত-৫ এ স্থানান্তরের নির্দেশ দেন।
গত ১৮ ফেব্রুয়ারি একই আদালত দুদকের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেন। তবে আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মামলার বিবরণে জানা যায়, রাজধানীর গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণের অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
অভিযোগে বলা হয়, আসামিরা পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই ফ্ল্যাটটি দখল করেন এবং পরে তা রেজিস্ট্রি করে নেন। পরবর্তীতে শাহ খসরুজ্জামান হাইকোর্টে রিট করলে আদালত তার বিষয়ে তদন্ত তিন মাসের জন্য স্থগিত রাখেন।
তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধির একাধিক ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ অনুযায়ী টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।