ঢাকা: আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তিনি এ তথ্য তুলে ধরেন।
অ্যাটর্নি জেনারেল জানান, তদন্ত কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে থাকলেও প্রতিবেদন দাখিলের জন্য আরও কিছু সময় প্রয়োজন। এ অবস্থায় আদালত তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় মঞ্জুর করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে, ২০২৫ সালের ২৩ অক্টোবর একই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য গঠিত উচ্চ পর্যায়ের টাস্কফোর্সকে শেষবারের মতো ছয় মাস সময় দিয়েছিলেন হাইকোর্ট। আদালত তখন স্পষ্টভাবে নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত শেষ করতে হবে।
মামলার অগ্রগতি ত্বরান্বিত করতে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ১৭ অক্টোবর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের এই টাস্কফোর্সে পুলিশ, সিআইডি ও র্যাবের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়।
এদিকে মামলার তদন্ত কার্যক্রমে পরিবর্তন আনতে রাষ্ট্রপক্ষ থেকে র্যাবকে সরানোর আবেদনও করা হয়েছিল। একই সঙ্গে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর মামলাটিতে নতুন আইনজীবী হিসেবে নিয়োগ পান বিশিষ্ট ফৌজদারি আইন বিশেষজ্ঞ মোহাম্মদ শিশির মনির।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। দীর্ঘদিন ধরে আলোচিত এই জোড়া হত্যাকাণ্ডের তদন্ত এখন শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।