Sunday 26 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৬ ১০:৪৮

জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপস।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি আজ অনুষ্ঠিত হবে।

রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শুনানিতে প্রথমে প্রসিকিউশন অভিযোগ গঠনের পক্ষে তাদের বক্তব্য উপস্থাপন করবে। পরে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে যুক্তি তুলে ধরবেন।

এর আগে, গত ১৫ এপ্রিল শুনানির দিন ধার্য থাকলেও প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তা পিছিয়ে দেওয়া হয়। তারও আগে ৮ এপ্রিল নির্ধারিত শুনানি কাগজপত্র সরবরাহ নিয়ে জটিলতার কারণে অনুষ্ঠিত হয়নি বলে আসামিপক্ষ জানিয়েছিল।

বিজ্ঞাপন

এ মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৮ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে চারজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

অন্যদিকে পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন। তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

চলতি বছরের ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল ২৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে নিরীহ মানুষের ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে।