Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেআইসিতে গুম-নির্যাতন মামলা: আযমীর অবশিষ্ট জেরা আজ

স্টাফ করেসপন্ডেট
২১ এপ্রিল ২০২৬ ০৯:২৪

ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।

ঢাকা: জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) এ গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর অবশিষ্ট জেরা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চে এ জেরা নেওয়া হবে।

এদিন তিন আসামির পক্ষে আইনজীবী আজিজুর রহমান দুলু তার জেরা শেষ করতে পারেন বলে জানা গেছে। এরপর অন্য আসামিদের পক্ষে জেরা শুরু হওয়ার কথা রয়েছে।

গত ১৩ এপ্রিল অনুষ্ঠিত জেরায় আযমীর কাছে বিভিন্ন প্রশ্ন তুলে ধরা হয়। তার গুম হওয়ার ঘটনা, কোথায় ও কী ধরনের কক্ষে তাকে রাখা হয়েছিল এবং সেনাবাহিনী থেকে কোনো ক্ষতিপূরণ পেয়েছেন কি না এসব বিষয়ে জানতে চান আইনজীবী। একপর্যায়ে তাকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ পাওয়ার দাবি করা হলেও আযমী তা অস্বীকার করেন।

বিজ্ঞাপন

ওইদিন প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্যরা।

মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৩ জন আসামি রয়েছেন। এর মধ্যে তিন সেনা কর্মকর্তা গ্রেফতার হয়ে ঢাকার সেনানিবাসের সাব জেলে আটক আছেন। তারা হলেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। তাদের পক্ষে আইনগত লড়াই করছেন আজিজুর রহমান দুলু।

পলাতক বাকি ১০ আসামির মধ্যে পাঁচজনই বিভিন্ন সময়ে ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল (অব.) হামিদুল হক।

এছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক।

এ মামলায় তৃতীয় সাক্ষী হিসেবে আযমী এরইমধ্যে সাক্ষ্য দিয়েছেন। গত ২ ফেব্রুয়ারি টানা দুই দিনের জবানবন্দিতে তিনি প্রায় আট বছর গুম অবস্থায় কাটানোর ভয়াবহ অভিজ্ঞতা ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেন।

উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। এর আগে ৮ অক্টোবর প্রসিকিউশনের দেওয়া অভিযোগ আমলে নেওয়া হয়।

 

বিজ্ঞাপন

সকালে ঢাকায় ভূমিকম্প অনুভূত
২১ এপ্রিল ২০২৬ ১০:১৪

আরো

সম্পর্কিত খবর