ঢাকা: অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে স্বতন্ত্র সচিবালয় ব্যবস্থা বহাল রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেনসহ সাতজন আইনজীবী জনস্বার্থে এ রিটটি করেন।
সোমবার (২০ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।
রিটকারীদের পক্ষে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল জাতীয় সংসদ অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত তিনটি অধ্যাদেশ বাতিল করে। বিরোধী দলের আপত্তি উপেক্ষা করে বিলগুলো পাস হয়। এর ফলে বিচার বিভাগ আগের কাঠামোয় ফিরে যাওয়ার পথ তৈরি হয়। বিচারক নিয়োগে আলাদা আইন থাকছে না এবং স্বতন্ত্র সচিবালয় বিলুপ্ত হওয়ার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।