ঢাকা: যশোরের চৌগাছায় গ্রেফতারের পর ছাত্রশিবিরের দুই নেতাকে গুলির ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আট আসামির বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরুর বিষয়ে আজ আদেশ দেবেন ট্রাইব্যুনাল।
সোমবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ ঘোষণা করবেন।
বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এ মামলায় বর্তমানে তিন আসামি কারাগারে আছেন। তারা হলেন চৌগাছা থানার তৎকালীন এসআই আকিকুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদুর রহমান এবং কনস্টেবল জহরুল হক। অন্যদিকে তৎকালীন এসপি আনিসুর রহমানসহ বাকি আসামিরা পলাতক রয়েছেন। পলাতকদের মধ্যে রয়েছেন তৎকালীন ওসি মশিউর রহমান, এসআই মোখলেছ, এসআই জামাল ও এসআই মাজেদুল।
এর আগে, ১৬ এপ্রিল আসামিপক্ষের আইনজীবীরা শুনানি শেষ করে তাদের অব্যাহতির আবেদন জানান। অন্যদিকে ১২ এপ্রিল প্রসিকিউশন আট আসামির বিরুদ্ধেই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করে। শুনানি শেষে ট্রাইব্যুনাল আজকের দিন আদেশের জন্য নির্ধারণ করেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ৩ আগস্ট চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনকে মিথ্যা মামলায় গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আদালতে হাজির না করে টানা দুই রাত নির্যাতন করা হয়।
অভিযোগে বলা হয়, তৎকালীন এসপি আনিসুর রহমানের নির্দেশে ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে দুই নেতার পায়ে গুলি করা হয়। এমনকি ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে তাদের বিরুদ্ধে মিথ্যা অস্ত্র মামলা দেওয়া হয়। পরবর্তীতে সেই মামলা মিথ্যা প্রমাণিত হয়।
নির্যাতনের ফলে তাদের পায়ে গুরুতর সংক্রমণ দেখা দিলে শেষ পর্যন্ত দুজনকেই পা হারাতে হয় বলে জানিয়েছে প্রসিকিউশন।