ঢাকা: মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য আজ দিন নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, ১৩ এপ্রিল তৃতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। সেদিন সাক্ষীকে জেরা করেন পলকের আইনজীবী আমিনুল গনি টিটো ও লিটন আহমেদ এবং জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম। জেরা শেষে ট্রাইব্যুনাল ১৬ এপ্রিল পরবর্তী সাক্ষীর জবানবন্দির দিন ধার্য করেন।
মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় গত ২১ জানুয়ারি, যখন আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। তার আগে ১৮ ফেব্রুয়ারি প্রসিকিউশন তাদের সূচনা বক্তব্য উপস্থাপন করে, যেখানে জয় ও পলককে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়।
প্রসিকিউশনের দাবি, গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধের নির্দেশ জয়ের কাছ থেকে আসত এবং তা বাস্তবায়ন করতেন পলক। তাদের এই কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের মধ্যে পড়ে বলে অভিযোগ করা হয়েছে। তবে আসামিপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে। পলকের আইনজীবীদের মতে, ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আলোচনা-ভিত্তিক পদক্ষেপ নেওয়া হয়েছিল।
মামলার অন্যতম আসামি জয় বর্তমানে পলাতক রয়েছেন। অন্যদিকে পলক গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং অভিযোগ গঠনের সময় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল জয় ও পলকের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয় এবং জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে পলককে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখানো হয়। এই মামলায় তাদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।