Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শহিদ আবু সাঈদ হত্যায় ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৩:২৩ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১৬:৫৯

জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ী দুই পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মৃত্যুদণ্ড দিয়েছেন। অপর ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সাবেক সহকারী কমিশনার মো. আরিফুজ্জামান, সাবেক পরিদর্শক (নিরস্ত্র) রবিউল ইসলাম ও সাবেক উপপরিদর্শক (নিরস্ত্র) বিভূতিভূষণ রায়।

বিজ্ঞাপন

রায় ঘোষণা করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২। অন্যান্য সদস্য ছিলেন বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার মোট ৩০ আসামির মধ্যে ছয়জন গ্রেফতার আছেন। এরা হলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, রেজিস্ট্রার অফিসের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায়, এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ২৪ জন এখনও পলাতক। তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তা। এ ছাড়া ছাত্রলীগের কিছু নেতাও পলাতক আছেন।

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়। হত্যার ভিডিও দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে।

মামলার তদন্ত সংস্থা গত বছরের ২৪ জুন ৩০ জনকে আসামি করে প্রতিবেদন দাখিল করে। ৬ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। ২৭ আগস্ট মামলার বিচারকাজ শুরু হয় এবং সাক্ষ্যগ্রহণ শেষ হয় ১৪ জানুয়ারি। যুক্তিতর্ক শেষ হয় ২৭ জানুয়ারি। ট্রাইব্যুনাল ৫ মার্চ রায়ের জন্য নির্ধারিত দিন ঘোষণা করে এবং ৯ এপ্রিল রায় ঘোষণা করা হলো।