নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে ব্যাংক গ্রাহকদের টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের দায়ে এক ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় দেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
দণ্ডিত মো. বেলায়েত হোসেন রুপালী ব্যাংক পিএলসি সোনাইমুড়ী শাখার সাবেক ব্যবস্থাপক। তিনি সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের আনসার আলী ব্যাপারি বাড়ির মৃত আব্দুর রবের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, বেলায়েত হোসেন ২০১২ সালের ২১ নভেম্বর থেকে ২০১৬ সালের ২৪ এপ্রিল পর্যন্ত রুপালী ব্যাংক পিএলসি সোনাইমুড়ী শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে নগদ ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা উত্তোলন ও স্থানান্তরের মাধ্যমে আত্মসাত করেন, যা দুদকের প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। মামলাটি তদন্ত করে দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ অভিযোগপত্র দাখিল করেন।
দুদকের আইনজীবী মোহাম্মদ জহির উদ্দিন বলেন, ‘আদালত ৫৬ গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে তিন ধারায় আসামিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা জরিমানা করেন।’