ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত ৯ জনকে হত্যার ঘটনায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৯ জনের নামে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৫ এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। অপর সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।
এদিন অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় নথিপত্র না পাওয়ার কথা জানান আসামিপক্ষের আইনজীবী সিফাত মাহমুদ শুভ। অন্যদিকে, প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন শাইখ মাহদী। পরে ট্রাইব্যুনাল শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন।
রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান জানান, ডিফেন্স এখনো পূর্ণাঙ্গ কাগজপত্র পায়নি। তারা শুধু আনুষ্ঠানিক অভিযোগপত্রের কপি পেয়েছেন। বাকি নথি দ্রুত সরবরাহের জন্য প্রসিকিউশনের কাছে অনুরোধ করা হয়েছে।
এর আগে, গত ১৫ মার্চ এই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ৮ এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়েছিল।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার এবং ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এ ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদেরও আসামি করা হয়েছে।
বর্তমানে এ মামলায় চারজন গ্রেফতার রয়েছেন। তারা হলেন- ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
চলতি বছরের ১৮ জানুয়ারি ট্রাইব্যুনাল প্রসিকিউশনের দাখিল করা অভিযোগ গ্রহণ করে ২৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আসামিদের উসকানি ও প্রত্যক্ষ-পরোক্ষ অংশগ্রহণে নিরীহ মানুষের ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ মোট ৯ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন।