কুষ্টিয়া: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় স্ত্রী হত্যা মামলায় স্বামী আব্দুল আওয়ালকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবীর সরকার আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল আওয়াল কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর কুন্ডুপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল করিম বিশ্বাসের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি সকালে পরকীয়াকে কেন্দ্র করে স্ত্রী শাহানা খাতুন ওরফে জাহানারা খাতুনের (৩০) সঙ্গে আব্দুল আওয়ালের বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সামনে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করেন তিনি। এতে ঘটনাস্থলেই শাহানা খাতুনের মৃত্যু হয়। এ সময় বাধা দিতে গেলে আসামি তার মাকেও কুপিয়ে আহত করেন।
ঘটনার সময় চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আব্দুল আওয়ালকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ইবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং আসামিকে গ্রেফতার করে।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. শফিউদ্দিন বাদী হয়ে একই দিন ইবি থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ইবি থানার উপপরিদর্শক শাহ আলী মিয়া ২০২০ সালের ৩ মার্চ একমাত্র আসামি আব্দুল আওয়ালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম জানান, দীর্ঘদিন সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার এই রায় দেন।