ঢাকা: দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূরের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ফেরদৌস রহমান আয়কর নথি জব্দের আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ৫ কোটি ৩৭ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এ ছাড়া তার নামে ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে প্রায় ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথির শুরু থেকে সর্বশেষ পর্যন্ত স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব রেকর্ড জব্দ করে পর্যালোচনা করা প্রয়োজন। আদালত এ বিবেচনায় নথি জব্দের নির্দেশ দেন।