ঢাকা: রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা দেলোয়ার হোসেন হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, পল্টন মডেল থানায় দায়ের করা ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের মামলায় তিন দফায় মোট ১৪ দিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় চলমান ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। অভিযোগ রয়েছে, শেখ মামুন খালেদের নির্দেশে আন্দোলনকারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তার মৃত্যু হয়।
ঘটনার প্রায় এক বছর পর, ২০২৫ সালের জুলাই মাসে মিরপুর মডেল থানায় এ হত্যা মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরদিন আদালত তাকে পাঁচদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। পরবর্তীতে ২৯ মার্চ দ্বিতীয় দফায় ছয়দিন এবং সর্বশেষ ৪ এপ্রিল তৃতীয় দফায় আরও তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।