ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে। অভিযানের দ্বিতীয় দিনে মোট ২ লাখ ৬১ হাজার টাকা জরিমানা ও ৫১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
ট্রাফিক লালবাগ বিভাগ জানায়, ফুলবাড়িয়া ট্রাফিক জোনের ফুলবাড়িয়া এলাকায় পরিচালিত অভিযানে আইন অমান্য করায় ১৩ জন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে ট্রাফিক ওয়ারী বিভাগ জানিয়েছে, যাত্রাবাড়ী মোড় থেকে সাইনবোর্ড এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আইন অমান্য করায় ১৩ জন ব্যবসায়ীকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।
ট্রাফিক রমনা বিভাগ জানায়, ঢাকা মেডিকেল, নিমতলী ও বঙ্গবাজার হয়ে গোলাপশাহ মাজার ক্রসিং এলাকা পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। এতে অবৈধভাবে পার্কিং করা বাইকের বিরুদ্ধে ৫৬টি ভিডিও মামলা ও ১২টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা এবং প্রায় চার পিকআপ সমপরিমাণ মালামাল জব্দ করা হয়।
এ ছাড়াও ট্রাফিক মিরপুর বিভাগ জানিয়েছে, পল্লবী জোনে মিরপুর ১০ থেকে মিরপুর ১২ এলাকায় পরিচালিত অভিযানে ১৬টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং রাস্তা দখলমুক্ত করা হয়।