ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় মূল আসামিদের ভারতে পালাতে সহায়তার অভিযোগে গ্রেফতার দুই সহযোগী সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিমের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
বুধবার (১ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে সশস্ত্র হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে গুলি চালালে তিনি গুরুতর আহত হন।
প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মরদেহ দেশে এনে দাফন সম্পন্ন করা হয়।
ঘটনার পর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে হাদির মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।
তদন্তে উঠে আসে, হামলার সঙ্গে জড়িত মূল আসামিরা ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। এ ঘটনায় তাদের পালাতে সহায়তার অভিযোগে সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিমকে গ্রেফতার করা হয়।
আসামিদের পক্ষে জামিন আবেদন করা হলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। মামলার গুরুত্ব ও চলমান তদন্তের স্বার্থ বিবেচনায় নিয়ে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে, মামলার তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তবে বাদীর আপত্তির পর আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে পাঠায়। বর্তমানে সংস্থাটি এ মামলার তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।