Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনের দস্যু বাহিনীর হাতে জিম্মি থাকা মজিবর গাজী উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৭:১৬

উদ্ধার হওয়া জেলে।

বাগেরহাট: সুন্দরবনের দুর্ধর্ষ জোনাব দস্যুবাহিনীর হাতে জিম্মি থাকা মজিবর গাজী (৫০) নামের এক জেলেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। মাত্র ২০ হাজার টাকা মুক্তিপণের জন্য তার হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতরের কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পাওয়া যায় যে সুন্দবনের দুর্ধর্ষ জোনাব দস্যুবাহিনী সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাত ২টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় দস্যুদের কাছে জিম্মি থাকা মজিবর গাজীকে উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা জিম্মিকে রেখেই বনের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত জেলে মজিবর গাজী (৫০) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।