ঢাকা: গুলশান থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৬ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ আসামিপক্ষের শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত রিয়াদের জামিন মঞ্জুর করেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন বাদী হয়ে আব্দুর রাজ্জাকসহ ১১ জনের নাম উল্লেখ করে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় আরও ১০ থেকে ২২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে পুলিশ অভিযুক্ত রিয়াদকে তার সহযোগী মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদারের সঙ্গে গ্রেফতার করে। পরদিন শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এজাহারে বলা হয়, আসামিদের সঙ্গে নির্জন ও তার বন্ধুদের আগে থেকেই বিরোধ ছিল। গত ২৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ তলার ৪১২ নম্বর কক্ষে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় নির্জন সমাবর্তনে অংশগ্রহণের বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আনিসুর রহমানের সঙ্গে পরামর্শ করতে গেলে রাজ্জাকের নির্দেশে রিয়াদুল ও সায়েম চেয়ার দিয়ে তাকে আঘাত করেন। এতে নির্জনের পিঠ ও বুকে আঘাত লাগে।
অভিযোগে আরও বলা হয়, পরে রাজ্জাক একটি সুইচ গিয়ার চাকু দিয়ে নির্জনের মুখমণ্ডলে আঘাত করেন। এতে তার নাকে আঘাত লেগে কেটে যায় এবং তিনি গুরুতর জখম হন। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়।
পরবর্তীতে নির্জনের বন্ধুবান্ধব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এলে অভিযুক্তরা তাকে ভয়ভীতি ও হুমকি দেয়। পরে খবর পেয়ে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
এর আগে গত বছরের ২৬ জুলাই গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির অভিযোগে দায়ের করা একটি মামলায়ও রাজ্জাক গ্রেফতার হয়েছিলেন। পরে ওই মামলায় তিনি জামিনে মুক্তি পান।