ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার স্বামী ফাহিম আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকার আদালতে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুজ্জামান। তবে তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত না থাকায় শুনানির জন্য আগামী ২৪ মার্চ দিন ধার্য করা হয়েছে।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক বিশ্বজিৎ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জাহিদুল ইসলাম রিমান্ড আবেদন বাতিলের পক্ষে শুনানি করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, নিহত শারমিন জাহান খাদিজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। অপরদিকে তার স্বামী ফাহিম আল হাসান ঢাকার একটি কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। গত বছরের জুন মাসে পরিবারের অগোচরে তারা বিয়ে করেন এবং পরে আশুলিয়ার ইসলামনগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
গত ১৫ মার্চ বেলা ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে কোনো এক সময় ফাহিম অজ্ঞাত সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে শারমিনকে কপাল ও মাথায় আঘাত করে হত্যা করে বলে অভিযোগ করা হয়েছে। পরে তিনি পালিয়ে যান। খবর পেয়ে স্বজনরা শারমিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের চাচা মো. মনিরুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, হত্যাকাণ্ডের পর আত্মগোপনে থাকা অবস্থায় একই রাতেই ইসলামনগর এলাকা থেকে ফাহিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং পলাতক সহযোগীদের গ্রেপ্তারের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।