পাবনা: জেলার সাঁথিয়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে বসতবাড়িতে পাওয়া গেছে মিনি ডিজেল পাম্প।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার ধুলাউরি গ্রামে এই অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর (পাবনার) সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ আলাউদ্দিন তার বাড়িতে মিনি ডিজেল পাম্প স্থাপন করে বেশি দামে ডিজেল বিক্রি করে আসছিল। এই সংবাদের ভিত্তিতেই মঙ্গলবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে বসতবাড়ির ভেতরে মিনি ডিজেল পাম্পের সন্ধান পাওয়া যায়।
সূত্র জানায়, অভিযানে অবৈধভাবে বাসাবাড়িতে ডিজেল পাম্প পরিচালনা করায় আলাউদ্দিনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ওই বাসা থেকে প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দও করা হয়। পরে জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।