ঢাকা: ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুস সালাম বেপারী ও তার পরিবারের সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী খাদিজাতুল কুবরা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন।
এর আগে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় আবদুস সালাম বেপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত। একইসঙ্গে তাদের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সিআইডিকে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সিআইডির আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
এর আগে সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড অর্গানাইজড ক্রাইম ইউনিটের পরিদর্শক মো. আশরাফুল ইসলাম তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, সালাম বেপারী, তার স্ত্রী এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই দেশি-বিদেশি মুদ্রা পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে।
অর্থ পাচারের অভিযোগটি সুষ্ঠুভাবে অনুসন্ধানের স্বার্থে অভিযুক্তদের বিদেশ গমনাগমন রোধ করা এবং তাদের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।