ঢাকা: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আসাদুল ইসলাম ও তার স্ত্রী নাছরীন শামসের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. আব্দুল মালেক আদালতে আবেদন করে জানান, আসাদুল ইসলাম ও তার স্ত্রী নাছরীন শামসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। এ অভিযোগ অনুসন্ধানের জন্য এরই মধ্যে দুদকের দুই সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে অভিযোগ সংশ্লিষ্ট এই দম্পতি দেশত্যাগ করতে পারেন। ফলে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন সাময়িকভাবে নিষিদ্ধ করা প্রয়োজন। আবেদনটি বিবেচনায় নিয়ে আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন।