চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ও অনুমোদন ছাড়াই ক্লিনিক পরিচালনার অভিযোগে লাইফ কেয়ার মেডিকেল সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মামুন অর রশীদ শাওনকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার কার্পাসডাঙ্গা, দামুড়হুদা সদর ইউনিয়ন ও দর্শনা পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এ ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কার্পাসডাঙ্গা এলাকার লাইফ কেয়ার মেডিকেল সেন্টারে কর্মরত নার্সদের কেউই নিবন্ধিত নন। প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়াই তারা রোগীদের শরীরে বিভিন্ন ধরনের ইনজেকশন দিচ্ছিলেন। এ ছাড়া রোগ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহকারী ব্যক্তিও অনুমোদিত ছিলেন না।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম বলেন, ‘পরিদর্শনের সময় ক্লিনিক কর্তৃপক্ষ কোনো বৈধ লাইসেন্স দেখাতে পারেনি। পাশাপাশি অপারেশন ও পরবর্তী চিকিৎসা ব্যবস্থাপনাও সঠিকভাবে করা হচ্ছিল না। ক্লিনিকের পরিবেশ ও চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণের পদ্ধতিও রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল।’
এছাড়া, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের নিবন্ধন না থাকা, মানহীন স্বাস্থ্যসেবা প্রদান, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার এবং অপরিচ্ছন্ন অপারেশন কক্ষ থাকার অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।’
অভিযান প্রসঙ্গে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার আলোকে এ অভিযান শুরু হয়েছে। অনিয়ম ও অনুমোদনহীন ক্লিনিক, ল্যাব ও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।’