টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও বৈধ কাগজপত্র না থাকায় দুই ইটভাটা মালিককে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার চাঁনপুর ও পাহাড়পুরে চালানো এক অভিযানে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুরাইয়া ইয়াসমিন এ জরিমানা করেন।
বিচারক সুরাইয়া ইয়াসমিন বলেন, ‘উপজেলার লতিফপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় মেসার্স সান ব্রিকসের মালিককে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় ও অনুমতি না নিয়ে কৃষিজমির মাটি কাটার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া, পাহাড়পুর এলাকায় অবস্থিত মেসার্স আলাউদ্দিন (এইউবি) ব্রিকসের মালিককেও বৈধ কাগজপত্র না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়।’
তিনি আরও জানান, উপজেলায় অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিল।