Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১৬:৪৯

জব্দ হওয়া মোটরসাইকেল ও কাপড়ে মোড়ানো গাঁজা।

গাইবান্ধা: জেলায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় বিপুল পরিমাণ গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

বুধবার (৪ মার্চ) দুপুরে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় রেলগেট অতিক্রম করে একটি মোটরসাইকেল ট্রাফিক মোড়ে পৌঁছালে দায়িত্বরত পুলিশ সদস্যরা সেটিকে থামার সংকেত দেয়। চালক তখন সন্দেহজনক আচরণ করলে পুলিশ তাকে আটক করার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশের থামার নির্দেশ পেয়ে চালক প্রথমে পালানোর জন্য এদিক-ওদিক ঘোরাঘুরি শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে মোটরসাইকেলটি ফেলে রেখেই দ্রুত দৌড়ে পালিয়ে যান তিনি। পরে পুলিশ মোটরসাইকেলটি তল্লাশি করে বোরকার কাপড়ে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, সেখানে আনুমানিক ১০ কেজি গাঁজা থাকতে পারে। বর্তমানে গাঁজার সঠিক পরিমাণ জানার কাজ চলছে।

ঘটনার সময় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সার্জেন্ট সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি ট্রাফিক সিগন্যালে দায়িত্ব পালনের সময় গাঁজাসহ মোটরসাইকেলটি জব্দ করি। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক চালককে শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর