Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে চুরি হওয়া ১৮টি ইজিবাইক উদ্ধার, আটক ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৫

উদ্ধার হওয়া ইজিবাইক।

ফরিদপুর: ফরিদপুরে সক্রিয় একটি সংঘবদ্ধ ইজিবাইক চোরচক্রের রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। আন্তঃজেলা এই চক্রের ১২ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় চুরি হওয়া ১৮টি ইজিবাইকও উদ্ধার করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

পুলিশ সুপার বলেন, ‘ফরিদপুর কোতোয়ালি থানায় দায়ের করা একটি ইজিবাইক চুরির মামলার সূত্র ধরে চক্রটির সন্ধান পাওয়া যায়। আটককৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ইজিবাইক চুরি করে সেগুলো খণ্ডিত অংশে ভেঙে পুনরায় জোড়া লাগিয়ে নতুন ইজিবাইক হিসেবে বিক্রি করত। এতে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছিল।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, চক্রটির সঙ্গে জড়িত আরও সদস্য থাকতে পারে। তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও গোপন সংবাদের ভিত্তিতে আলাল ফকির (২৫) নামে একজনকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন এবং চক্রের অন্যান্য সদস্যদের নাম প্রকাশ করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালিয়ে একে একে চক্রের অন্যান্য সদস্যদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—মোজাম্মেল মণ্ডল (৪৬), মো. ইলিয়াস হোসেন (৫০), মো. আবুল হোসেন মোল্লা (৬০), তানভীর শেখ (৩০), আওয়াল বিশ্বাস (৬৫), বদিউজ্জামান মোল্লা (২৭), মৃদুল মীর মালোত (২৯), মিলন খান (৪২), মো. আশরাফ (২৮), শহিদ সিকদার (৩৮), মো. জুয়েল রানা (৩৪) এবং মো. রনি মিয়া (৩১)। তারা ফরিদপুর, শরীয়তপুর, মাগুরা ও জামালপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চুরি ও চোরাই ইজিবাইক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

পুলিশ জানায়, অভিযানে মোট ১৮টি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১২টি সচল এবং ছয়টি অচল। পাশাপাশি উদ্ধার করা হয়েছে চারটি চ্যাসিস, একটি বডির কাটা অংশ, সাতটি গ্লাস ফ্রেম, তিনটি কেবিন, দুইটি মাঝের বেড়া, দুইটি পেছনের বেড়া, দুইটি বাম্পার, একটি সকেট জাম্পার, একটি কাটার মেশিন এবং পাঁচ ট্রাক পরিমাণ খণ্ডিত যন্ত্রাংশ।

আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী ফরিদপুরের বোয়ালমারী ও মধুখালী, শরীয়তপুরের নড়িয়া এবং মাগুরার মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ইজিবাইক উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিল।

বিজ্ঞাপন

যে বুথে মৃত মানুষের সাথে কথা বলা যায়!
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৯

আরো

সম্পর্কিত খবর