Monday 13 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইআরজিসিকে নিষিদ্ধের ঘোষণা যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২৬ ১৯:৪৫ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ ১৯:৪৭

আইআরজিসি বাহিনী। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-কে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে নতুন আইনি ক্ষমতা ব্যবহার করে সংগঠনটির প্রতি সমর্থন জানানোও নিষিদ্ধ করা হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, আইআরজিসি যুক্তরাজ্যে প্রাণনাশের হুমকি, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ কারণে সংগঠনটিকে নতুন নিরাপত্তা কাঠামোর আওতায় আনা হচ্ছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ

পার্লামেন্টে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, আইআরজিসির প্রতি সমর্থন, প্রচারণা চালানো বা কোনো ধরনের সহায়তা দেওয়া এখন থেকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধে সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

বিজ্ঞাপন

এছাড়া আরও দুটি গোষ্ঠীকে নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হচ্ছে। এগুলো হলো ইসলামিক মুভমেন্ট অব কম্প্যানিয়নস অব দ্য রাইট (আইএমসিআর) এবং রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর একটি স্বেচ্ছাসেবী বাহিনী।

সরকার জানিয়েছে, এসব গোষ্ঠীর গুপ্তচরবৃত্তি, বিদেশি হস্তক্ষেপ, নাশকতা ও শারীরিক হামলার মতো কর্মকাণ্ড মোকাবিলায় পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে নতুন আইনি ক্ষমতা দেওয়া হবে।

ব্রিটিশ সরকারের দাবি, আইআরজিসি যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে ইহুদি ও ইসরায়েলি সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে অন্তত সাতটি হামলার নির্দেশ দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে গত ২৩ মার্চ লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় চারটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনাও রয়েছে। ওই হামলার দায় প্রকাশ্যে স্বীকার করেছিল আইএমসিআর।

প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার চলতি বছরের এপ্রিল মাসে ন্যাশনাল সিকিউরিটি (স্টেট থ্রেটস) অ্যাক্ট দ্রুত কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই নতুন নিষেধাজ্ঞার খসড়া বিধিমালা এখন সংসদে উপস্থাপন করা হবে।

স্যার কিয়ার স্টারমার বলেছেন, ‘যেসব রাষ্ট্র আমাদের রাস্তায় ভয়, বিভাজন ও সহিংসতা ছড়াতে চায়, তাদের জন্য আমরা কখনোই ব্রিটেনকে একটি খেলার মাঠ হতে দেব না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর