Tuesday 07 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ২৬, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
৭ জুলাই ২০২৬ ১০:২২ | আপডেট: ৭ জুলাই ২০২৬ ১০:২৯

দাঙ্গার পর বন্দীদের বাসে তোলা হচ্ছে। ছবি: গেটি ইমেজেস।

শ্রীলঙ্কার একটি কারাগারে ভয়াবহ সংঘর্ষে সাতজন কারারক্ষীসহ ২৬ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।

বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, পুলিশ জানিয়েছে, সোমবার (৬ জুলাই) দুটি মাদক চক্রের বন্দীদের মধ্যে রাতভর রক্তক্ষয়ী লড়াই চলে।

লড়াইয়ের পর কাটাছেঁড়া ও গুলির আঘাতে আহতদের রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত নেগোম্বো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন, গত পাঁচ বছরের বেশি সময়ের মধ্যে দেশটির কোনো কারাগারে এটিই সবচেয়ে রক্তক্ষয়ী দাঙ্গার ঘটনা।

হাসপাতালের পরিচালক পুষ্পা গামলাথ বলেছেন, রাষ্ট্রীয় মালিকানাধীন এই হাসপাতালটিতে ২৩টি মৃতদেহ এবং নেগোম্বো কারাগারের ১০০ জনেরও বেশি আহত বন্দী ও কারারক্ষী রয়েছে।

বিজ্ঞাপন

গামলাথ টেলিফোনে এএফপিকে বলেন, ‘কিছু ভুক্তভোগীর শরীরে গুলির আঘাত, কয়েকজনের শরীরে কাটা ও গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আমরা গুরুতর আহতদের মধ্যে ১৮ জনকে কলম্বো ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করেছি।’

পরে আইনমন্ত্রী হর্ষনা নানায়াক্কারা জানান, আরও তিনজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ হয়েছে। তিনি এ ঘটনায় ‘গভীর শোক ও দুঃখ’ প্রকাশ করে বলেন, ‘কর্তৃপক্ষ কারাগারে প্রতিদ্বন্দ্বী দলগুলোকে আলাদা করার জন্য কাজ করছে।’

নানায়াক্কারা সাংবাদিকদের বলেন, ‘তারা কয়েদি ছিল, নাকি অপরাধ জগতের সঙ্গে জড়িত ছিল, তা এই মুহূর্তে আমাদের কাছে প্রাসঙ্গিক নয়। মানুষের মৃত্যু হয়েছে, এবং এ নিয়ে গভীর শোকের সৃষ্টি হয়েছে। এমনটা কখনোই ঘটা উচিত ছিল না।’

তিনি আরও বলেন, ‘রোববার (৫ জুলাই) সন্ধ্যায় কারাগারটিতে সংঘর্ষ শুরু হয়, যেখানে কয়েক হাজার বন্দীকে রাখা হয়েছে। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে, পাশের একটি অংশের নারী বন্দীরা ছাদে উঠে তাদের মুক্তির দাবি জানায়।’

পুলিশ জানিয়েছে, ছাদের একাংশ ধসে পড়ে এবং এতে কয়েকজন নারী আহত হন।

দাঙ্গার পর সেনা মোতায়েন করা হয়েছে। ছবি: বিবিসি

দাঙ্গা তদন্তের জন্য শ্রীলঙ্কার সরকার সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের একটি দল গঠন করছে।

কারাগারের মুখপাত্র চামিন্দা গজানায়েকে বলেছেন, দাঙ্গায় কোনো বিদেশি বন্দী ক্ষতিগ্রস্ত হননি। তিনি সম্ভবত ২২ বছর বয়সী এক ব্রিটিশ নারীর কথা উল্লেখ করছিলেন, যাকে গত বছরের মে মাসে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৬ কেজি ‘কুশ’ (এক প্রকার অত্যন্ত শক্তিশালী গাঁজা) সহ গ্রেফতারের পর থেকে নেগোম্বোতে আটক রাখা হয়েছে।

সোমবার নেগোম্বোর বাইরে বন্দীদের আত্মীয়দের বিশাল ভিড় জমেছিল। ফলে বিমান বাহিনী এলাকাটি পর্যবেক্ষণের জন্য ড্রোন ও একটি হেলিকপ্টার মোতায়েন করে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা গুলির শব্দ শুনেছেন এবং জানা গেছে যে বন্দীরা দিনের শুরুতে কারারক্ষীদের কাছ থেকে বেশ কয়েকটি বন্দুক ছিনিয়ে নেওয় হয়েছিল।

সোমবার দাঙ্গা থামাতে গিয়ে সাতজন রক্ষী নিহত হয়েছেন বলে একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।’

২০২০ সালের ডিসেম্বরে, কোভিড-১৯ মহামারির চরম সময়ে শ্রীলঙ্কার আরেকটি কারাগারে দাঙ্গায় ১১ জন বন্দী নিহত এবং ১১৭ জন আহত হয়েছিলেন। যার ফলে সরকার অতিরিক্ত ভিড়ে ঠাসা কারাগারগুলো থেকে শত শত বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল।

সরকারি তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত শ্রীলঙ্কার কারাগারগুলোতে ৪১,২৫০ জন বন্দী ছিলেন, যা কারাগারগুলোর ধারণক্ষমতার প্রায় চারগুণ।