যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি বিমান দুর্ঘটনায় এগারোজন স্কাইডাইভার ও একজন পাইলট নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগের একজন মুখপাত্রের বলেছেন, ‘একটি স্কাইডাইভিং কোম্পানির ভাড়া করা বিমানটি রোববার (১৪ জুন) স্থানীয় সময় প্রায় ১১:২০ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের পর উচ্চতা বাড়াতে ব্যর্থ হওয়ায় বিমানটি তীব্রভাবে বাম দিকে মোড় নেয় এবং বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে যেয়ে বিধ্বস্ত হয়।’
তিনি আরও বলেন, ‘বিমানে থাকা ১২ জনই মারা গেছেন।’
বেটস কাউন্টি শেরিফ চ্যাড অ্যান্ডারসন রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা এটিকে একটি গণ-হতাহতের ঘটনা হিসেবে বিবেচনা করছি।’
শেরিফ বলেছেন, ‘বিমানটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী বিমান ছিল না, বরং এটি ছিল একটি স্থানীয় বিমান যা আমাদের স্থানীয় বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।’
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস পি৭৫০ মডেলের এবং বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় এটি বিধ্বস্ত হয়।
এফএএ বলেছে, সেই সময়ে এয়ার ট্রাফিক সার্ভিস চালু ছিল না। একজন মুখপাত্র ব্যাখ্যা করেছেন, বিমানটি যে ধরনের আকাশসীমায় উড়ছিল, তার কারণে সেটির যোগাযোগ ব্যবস্থা চালু রাখার প্রয়োজন ছিল না।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার আগে কোনো স্কাইডাইভার বিমান থেকে ঝাঁপ দিয়েছিলেন কিনা তা দেখতে উদ্ধারকর্মীরা এলাকাটি পরীক্ষা করে দেখেছেন।
শেরিফ জানিয়েছেন, নিহত ব্যক্তিদের কয়েকজন স্বজন নিজের চোখে এ মর্মান্তিক দুর্ঘটনা দেখেছেন। কর্তৃপক্ষ এখন পর্যন্ত নিহত ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি।
মিজৌরির বাটলার শহরটি কানসাস সিটি থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণে অবস্থিত। এফএএ জানিয়েছে, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এ দুর্ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে।