Tuesday 09 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান যুদ্ধে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, ২ ক্রু উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
৯ জুন ২০২৬ ২১:০০ | আপডেট: ৯ জুন ২০২৬ ২১:১৬

মার্কিন সেন্ট্রাল কমান্ডের দায়িত্বাধীন এলাকায় উড্ডয়নের পূর্বে এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির কাছে সোমবার (৮ মে) মার্কিন সেনাবাহিনীর এএইচ-৬৪ অ্যাপাচি আক্রমণাত্মক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ২ ক্রু সদস্যকে উদ্ধার করেছে দেশটির সমুদ্র ড্রোন।

মঙ্গলবার (৯ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বরাতে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি ইরানের হামলায় ভূপাতিত হয়েছে, নাকি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে দুর্ঘটনার শিকার হয়েছে—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, ঘটনাটির তদন্ত চলছে।

উদ্ধার অভিযান সম্পর্কে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, মার্কিন বাহিনীর পরিচালিত এ ধরনের এটিই প্রথম উদ্ধার অভিযান। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, আঞ্চলিক জলসীমায় টহল দেওয়ার সময় ওমান উপকূলের কাছে তাদের একটি এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। পরে ২ সৈনিককে প্রায় দুই ঘণ্টার মধ্যে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তারা স্থিতিশীল অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ জুন) দেওয়া বিবৃতিতে সেন্টকম জানায়, সোমবার রাত ৭টা ৩৩ মিনিটে ২ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘উদ্ধার কার্যক্রমে নেতৃত্ব দেয় ইউএস নেভাল ফোর্সেস সেন্ট্রাল কমান্ড ও ৮২তম এয়ারবর্ন ডিভিশন। এতে সহায়তা করে মার্কিন বিমান ও নৌবাহিনীর ইউনিটগুলো, যার মধ্যে ইউএস ৫ম নৌবহরের টাস্ক ফোর্স ৫৯ অন্তর্ভুক্ত ছিল।’

সিবিএস নিউজকে মার্কিন সামরিক কর্মকর্তারা জানান, টাস্ক ফোর্স ৫৯ পরিচালিত একটি মানববিহীন সমুদ্রপৃষ্ঠ ড্রোনের মাধ্যমে ওই দুইজনকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে ঠিক কোন ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছিল, তা স্পষ্ট নয়। তবে এক মার্কিন কর্মকর্তা এবিসি নিউজকে জানিয়েছেন, ড্রোনটির নকশা ছিল স্পিডবোটের মতো।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ২ ক্রু সদস্য ভালো আছেন এবং এ ঘটনায় পরবর্তীতে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

প্রসঙ্গত,  হরমুজ প্রণালিতে ইরানের আরোপিত বাণিজ্যিক নৌ চলাচল-সংক্রান্ত বাধা মোকাবিলায় সেন্টকম দীর্ঘদিন ধরে অ্যাপাচি হেলিকপ্টার, সশস্ত্র এমকিউ-৯ রিপার ড্রোন এবং এফ/এ-১৮ ও এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহার করে আসছে।

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘর্ষ এবং পরবর্তী যুদ্ধবিরতি প্রচেষ্টার মধ্যেই এই ঘটনা ঘটেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এটিই সম্ভবত প্রথমবারের মতো অ্যাপাচি হেলিকপ্টার হারানোর ঘটনা।