Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১

আর্ন্তজাতিক ডেস্ক
৩ জুন ২০২৬ ১৫:৩১ | আপডেট: ৩ জুন ২০২৬ ১৭:৪১

হোটেলে আগুন নেভানোর চেষ্টা করছেন লোকজন। | ছবি : এপি

ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই বিদেশি নাগরিক বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩ জুন) স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও প্রায় ৪০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, নিহতদের মধ্যে অধিকাংশই মধ্য এশিয়া ও আফ্রিকার বাসিন্দা।

দিল্লি ফায়ার সার্ভিসের তথ্যমতে, উদ্ধার হওয়া সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুন লাগার খবর পাওয়ার পর হোটেলটিতে একাধিক ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়।

বিজ্ঞাপন

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পাঁচতলা মিকাসা ইন হোটেলের বেসমেন্ট রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি ফোন পাওয়ার পর ওয়াটার ইঞ্জিন, ওয়াটার বাউজার এবং একটি কুইক-রেসপন্স ভেহিকেলসহ বেশ কয়েকটি অগ্নিনির্বাপক ইউনিটকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।

কর্তৃপক্ষ মনে করছে, আগুন লাগার সময় ভবনটির ভেতরে প্রায় ৪০ জন লোক ছিলেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, আগুন থেকে বাঁচতে মরিয়া হয়ে কয়েকজন অতিথি ভবনটি থেকে লাফ দিচ্ছেন।

হাউজ রানির সরু গলিতে অবস্থিত হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ রয়েছে এবং জানা গেছে, সেই সময় সেখানে অবস্থান করা বিদেশি নাগরিকরা মূলত চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন।

প্রতিবেদন অনুসারে, আগুন লাগার সময় বেশিরভাগ অতিথি ঘুমিয়ে ছিলেন, যার ফলে উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়ে।

হোটেলের রেস্তোরাঁয় কর্মরত শেফ কেসার সিং জানান, সকাল ৮টার দিকে তিনি একটি বৈদ্যুতিক চুলা জ্বালানোর চেষ্টা করার কিছুক্ষণ পরেই আগুন লাগে। তিনি বলেন, আগুন দ্রুত পুরো চত্বরে ছড়িয়ে পড়লে সেখানে আতঙ্কের সৃষ্টি হয়।

কয়েক ঘণ্টা ধরে উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান চলে এবং কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর