যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইরান। তবে এখনই কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই বলে স্পষ্ট করেছে তেহরান।
সোমবার (২৫ মে) রাজধানী তেহরানে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, সোমবারই (২৫ মে) সম্ভবত একটি চুক্তিতে পৌঁছানো যেতে পারে।
তবে ইসমাইল বাঘাই বলেন, ‘আলোচনায় থাকা বেশিরভাগ বিষয়ে আমরা একটি পর্যায়ে পৌঁছেছি। কিন্তু এর অর্থ এই নয় যে, এখনই চুক্তি সই হয়ে যাচ্ছে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় থাকা সম্ভাব্য সমঝোতা স্মারকে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানো, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনার রূপরেখা অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ‘দুই পক্ষ চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে।’ যদিও পরে তিনি বলেন, ‘তিনি আলোচকদের তাড়াহুড়া না করতে নির্দেশ দিয়েছেন।’
সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও বলেন, ‘আমরা ভেবেছিলাম গত রাতে কিছু খবর আসতে পারে। হয়তো আজ আসবে। তবে বিষয়টি নিয়ে অতিরিক্ত প্রত্যাশা তৈরি করা ঠিক হবে না।’
তিনি আরও বলেন, ‘ইরানের কাছ থেকে জবাব পেতে সাধারণত কিছুটা সময় লাগে।’
এদিকে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মার্কিন হামলায় আহত হওয়ার পর বর্তমানে অজ্ঞাত স্থানে অবস্থান করছেন। এতে তার দূতদের সঙ্গে যোগাযোগ জটিল হয়ে পড়েছে এবং আলোচনার গতি ধীর হয়েছে।