চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার ঐতিহাসিক বৈঠকের দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে। বৈঠক শেষে বেইজিং ছেড়ছেন ট্রাম্প।
শুক্রবার (১৫ মে ) রয়টারর্সের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, ট্রাম্প বলেছেন বৈঠকটি ছিল ‘অত্যন্ত সফল, বিশ্বখ্যাত এবং অবিস্মরণীয়’। অন্যদিকে শি এটিকে একটি ‘ঐতিহাসিক ও যুগান্তকারী’ সফর বলে অভিহিত করেছেন।
ধারণা করা হচ্ছে, ট্রাম্প শীঘ্রই এয়ার ফোর্স ওয়ানে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন এবং সম্ভবত আলোচনার বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারেন।
বিশ্বরাজনীতি ও অর্থনীতিতে অত্যন্ত সুদূরপ্রসারী প্রভাব রাখা এ বৈঠকটি বিশ্ববাসীর নজর কেড়েছে। দুই দিনের বৈঠকে বাণিজ্য, তেল, ইরান এবং তাইওয়ানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শি ইরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি আরও জানান, বৈঠকে তিনি এবং শি জিন পিং ইরানের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেছেন। তেহরানের কাছে কোনো ধরনের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়—এ মূল বিষয়ে তাঁরা একমত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, চীন হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে চায় এবং বেইজিং যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে সম্মত হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের যুদ্ধ ‘কখনোই হওয়া উচিত ছিল না।’