Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে ৪৫ দিনের মধ্যে জমি পাবে বিএসএফ: শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৬ ১৭:৫৬

বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার (১১ মে) প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করে তিনি এ ঘোষণা দেন। বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রোধের বিষয়টি বিজেপির নির্বাচনি প্রতিশ্রুতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল।

মুখ্যমন্ত্রী জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের প্রক্রিয়া সোমবার থেকেই শুরু হচ্ছে এবং আগামী ৪৫ দিনের মধ্যে তা সম্পন্ন করা হবে। তিনি বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমির পূর্ণ নিয়ন্ত্রণ বিএসএফকে দেওয়া হবে।

বিজ্ঞাপন

মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের শুভেন্দু বলেন, ‘আজ আমাদের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রক্রিয়া আজ থেকেই শুরু হচ্ছে। এটি শেষ হলে সীমান্তে দ্রুত বেড়ার কাজ সম্পন্ন হবে এবং অবৈধ অনুপ্রবেশের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।’

বিধানসভা নির্বাচনে বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুটি বড় রাজনৈতিক আলোচনায় পরিণত হয়েছিল। বিজেপি অভিযোগ করেছিল, তৃণমূল কংগ্রেস (টিএমসি) সরকারের তোষণের রাজনীতির কারণে সীমান্ত পুরোপুরি সুরক্ষিত হয়নি। নির্বাচনি প্রচারণায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া নির্মাণের জন্য সব জমি বিএসএফকে হস্তান্তর করা হবে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৭ কিলোমিটার। এর মধ্যে প্রায় ৩ হাজার ২৪০ কিলোমিটার এলাকায় ইতোমধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ শেষ হয়েছে। এখনও প্রায় ৮৫০ কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণ বাকি রয়েছে, যার মধ্যে ১৭৫ কিলোমিটার দুর্গম ভূখণ্ড।

বিজেপির অভিযোগ, আগের টিএমসি সরকার জমি হস্তান্তরে বিলম্ব করায় সীমান্তে বেড়ার কাজ ধীরগতির হয়েছিল। তবে টিএমসি বরাবরই দাবি করে এসেছে, সীমান্তবর্তী এলাকার মানুষের জমি ও জীবিকার বিষয় বিবেচনা করেই তারা সিদ্ধান্ত নিয়েছিল।

এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে হটিয়ে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন করেছে হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সরকার গড়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু সীমান্তে বিএসএফকে জমি দেওয়ার অনুমোদন দিয়েছেন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ৯টি জেলায় বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন। এ জন্য ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন আদালত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর